মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শুক্রবার (৯ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের সদর দপ্তরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর ম্যাকফাউল। এই বিশেষ মুহূর্তে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকায় আসার কথা রয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছে। শপথ গ্রহণের পর ব্রেন্ট ক্রিস্টেনসেন তার প্রতিক্রিয়ায় বলেন, “যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।”
এর আগে গত ডিসেম্বরে মার্কিন সিনেটে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি এর আগে ঢাকার দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টারের নাম 

























