রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন দেশের শীর্ষ কূটনীতিকরা। শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় পৃথকভাবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, জার্মানি এবং পাকিস্তানের হাইকমিশনার ও রাষ্ট্রদূত এই বৈঠকে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সন্ধ্যা ৬টায় জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং বিকেল ৫টায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আলোচনা মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে হয়েছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে এই রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং কীভাবে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির আরও জানান, আলোচনার শুরুতে কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের কাছে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এছাড়া বৈঠকে ট্রেড, ইনভেস্টমেন্ট, কো-অপারেশন এবং পিপল-টু-পিপল কানেকটিভিটি বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা নিয়েও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
রিপোর্টারের নাম 
























