বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ পদের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে আজ রাতেই তাকে দলের নতুন চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করবেন।
বৈঠকের ডাক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, রাতে দলের নীতিনির্ধারণী ফোরামের এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এটি কোনো নিয়মিত শিডিউল বৈঠক নয়। মূলত দলের বর্তমান সাংগঠনিক অবস্থা এবং দীর্ঘদিনের নেতৃত্বের শূন্যতা কাটাতে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে দলের পূর্ণাঙ্গ চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিত দিয়েছিলেন যে, খুব শিগগিরই তারেক রহমানকে মূল নেতৃত্বের আসনে দেখা যাবে। আইনি ও রাজনৈতিক নানা বাধ্যবাধকতার কারণে এর আগে কয়েক দফা এই ঘোষণা পিছিয়ে গেলেও বর্তমান প্রেক্ষাপটে আজই তা চূড়ান্ত হতে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দল পরিচালনা করে আসছিলেন তারেক রহমান। অন্যদিকে, দীর্ঘ অসুস্থতা শেষে গত ৩০ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পর পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়। এরপর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের নেতা-কর্মীরা তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারপারসনের দায়িত্বে দেখার দাবি জানিয়ে আসছিলেন।
রিপোর্টারের নাম 

























