জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের ছক কষা হয়, তবে তারা রাজপথ বেছে নিতে বাধ্য হবেন।
৬ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
আসিফ ভূঁইয়া তার উদ্বেগের কারণ ব্যাখ্যা করে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিনই একজন চিহ্নিত আসামি, যিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন, তার হাতে তাদের এক সহযোদ্ধা শহীদ হয়েছেন। এই ঘটনা মানুষের মনে নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, যা অতীতে দেখা যেত। সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়েছে।
এনসিপি’র এই নেতা আরও জানান, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়মবহির্ভূত আনাগোনা শুরু হয়েছে। তিনি বলেন, যখন একজন প্রার্থীকে সরকারি কার্যালয় থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং সন্ত্রাসীরা প্রকাশ্যে বিচরণ করে, তখন তাদের দলের মধ্যেও নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা কাজ করে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের।
রিপোর্টারের নাম 





















