রাজধানীর ১১টি ভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে মোট ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য, বেশ কয়েকটি স্থানে মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। কাউকে মিছিলের সময়, আবার কাউকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। কিছু কিছু মিছিলে ৫ জন থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এবং মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন। পল্টন থানা-পুলিশ বায়তুল মোকাররমের সামনে থেকে মো. ওয়াসিম (৪০) ও মো. ফয়সাল (৩০) নামের দুজনকে গ্রেফতার করে। অন্যদিকে, রাজউক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মো. কায়েস হাসান (২৪) নামের একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ঢাকার তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের ১২ থেকে ১৫ জন নেতাকর্মী ৩০-৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেন। এ সময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেন। বেলা ১১টার একটু পরে খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে ৩০ থেকে ৪০ জন একটি ঝটিকা মিছিল করেন এবং মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে।
এছাড়াও, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে, নিউমার্কেটের বাটা সিগন্যাল, আসাদ গেটের আড়ংয়ের সামনে, যাত্রাবাড়ীর মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন, শেরেবাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে, গুলশান পুলিশ প্লাজার সামনে, উত্তরা ৩ নম্বর সেক্টর ও ৮ নম্বর সেক্টরের সামনে মিছিল করেছেন বা মিছিল করার চেষ্টা করেছেন।
রিপোর্টারের নাম 


















