সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ জানুয়ারি) তিনি হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন ও শ্রদ্ধা জানান।
বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান। স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।
শোক বইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উদ্যোগী হয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরবর্তীতে জিয়া পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেন।
তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামীতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শোক বার্তায় শাহবাজ শরীফ খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেত্রী ও একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমা বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের আন্তরিক বন্ধু হিসেবে স্মরণ করে শাহাবাজ শরীফ বলেন, ‘‘তিনি একটি স্থায়ী ও অনুপ্রেরণামূলক উত্তরাধিকার রেখে গেছেন।’’
রিপোর্টারের নাম 

























