বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাতটি আসনে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং ১২ জনের বাতিল হয়েছে। মারা যাওয়ায় খালেদা জিয়ার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
দুদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার বিকালে বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
রিটার্নিং অফিসার কার্যালয়ের সূত্র জানায়, বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে হলফনামায় ত্রুটি, সম্পদ বিবরণী ও আয়কর রিটার্ন দাখিল না করা, শিক্ষা সনদ না থাকাসহ বিভিন্ন ত্রুটির কারণে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহসহ এলডিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাসদ, স্বতন্ত্র মিলে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মৃত্যুজনিত কারণে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের প্রার্থী খালেদা জিয়ার মনোনয়নপত্র বিষয়ক কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। সব কাগজপত্র সঠিক থাকায় বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বগুড়ার সাতটি আসনে জামায়াতে ইসলামীর সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘সব আসনে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। এ ছাড়া বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।’
বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে একই দলের প্রার্থী গোলাম রব্বানী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা আশা করেন, অপর পাঁচটি আসনের প্রার্থীরাও বিজয়ী হবেন।’
জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, সাতটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৬ জনকে বৈধ এবং ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ে বিধি মোতাবেক আপিল করতে পারবেন।
রিপোর্টারের নাম 
























