মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারী এবং তার দুই ননদ রিংকি ও লিমা। এই ঘটনায় লামিয়ার ইতালি প্রবাসী স্বামীসহ মোট পাঁচজনকে আসামি করে গত ১৬ জুলাই মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে এবং চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় লামিয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
রিপোর্টারের নাম 






















