ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান, বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে বাতিল হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এমন সিদ্ধান্ত দেন। মো. ইউনুচ আলী ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
তিনি বলেন, সব কাগজপত্র ঠিক থাকায় এবং কোনও অভিযোগ না থাকায় জামায়াতের আমির মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের একেএম শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
এছাড়া দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির প্রার্থী সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টির শামসুল হকের মামলা তথ্য নিয়ে মনোনয়নপত্র সিদ্ধান্ত পরে দেওয়া হবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
রিপোর্টারের নাম 

























