রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকার একটি বাসা থেকে কামরুল হাসান নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তার মরদেহ মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় । তবে শনিবার (৩ জানুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান, কামরুল আগে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি এপিবিএনে চলে যান। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় থাকতো। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে যান। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন। বর্তমানে তিনি ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় একাই বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
কামরুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তার বাবার নাম নূর মিয়া।
রিপোর্টারের নাম 






















