জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় আরও তিন জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বাতিলের এ সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের সইয়ের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের সইয়ের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।’
এদিকে, শনিবার সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে একদল লোক জড়ো হয়ে জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন।
মনোনয়নপত্র যাচাইকালে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে থাকা এক আইনজীবী অভিযোগ করেন, আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবক ও সমর্থনকারীকে সম্মেলনকক্ষে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
অপরদিকে, একই আসনে যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক, শাকিলা ফারজানা এবং ইমাম উদ্দিন রিয়াদ নামে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের ভিত্তিতে দশ জনের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে কয়েকজনের সইয়ের সত্যতা পাওয়া যায়নি। তাই তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আসনটিতে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নাসির উদ্দীনসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























