রাজশাহীর পুঠিয়ায় বালুবোঝাই ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান ইসলামের (৪০) মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঘটনায় রায়হানের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে তাকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
নিহত রায়হানের বাড়ি চারঘাটের খুঁটিপাড়ায়। তার বাবার নাম আব্দুল জলিল। রায়হান ছোট বেলা থেকে কলার ব্যবসা করতেন। তার পেশা হাটে কলা কিনে জেলার বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সংসার জীবনে রায়হানের দুই মেয়ে ও এক ছেলে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। এ ছাড়া রায়হানের স্ত্রী গৃহিণী।
এ বিষয়ে রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়েছে। তার লাশ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়। এই ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হয়ে আহত হন চারঘাটের রায়হান।
নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পাইকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনক (৩৫), বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজি বলেন, নিহতের স্বজনরা আসছেন। তারা এলে এ বিষয়ে মামলা হবে।
রিপোর্টারের নাম 
























