কুমিল্লায় ১৪ বছর বয়সী অটোরিকশা চালক রিফাতকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ থেকে ২৩ এপ্রিলের মধ্যে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর ব্রিজ থেকে রিফাত নামের ওই চালককে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। এই ঘটনায় রিফাতের মা সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে পুলিশ হত্যাকারী ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা শহরে বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে হত্যা ও ছিনতাই মামলার মূল তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার বনকুট মুন্সী বাড়ির ফজলুল হকের ছেলে মো. শাহজালাল (৩৬), জেলার কোতোয়ালির কুচাইতলীর সুরাজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৫) এবং কুচাইতলী পূর্বপাড়ার আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩১)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। আসামিরা শিশু চালককে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























