ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসকে নিয়ে হার্ট অ্যাটাকের গুজব রটেছিল। এমন খবর ছড়িয়ে পড়লে এই কিংবদন্তি বুধবার নিশ্চিত করেছেন, আসলে হৃদযন্ত্রে একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে স্পষ্ট করে জানিয়েছেন, হার্ট অ্যাটাক করেননি এবং বর্তমানে ভালো আছেন। সাও পাওলোর একটি হাসপাতালে সুস্থ হওয়ার পথে রয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাবেক এই ফুলব্যাক বলেছেন, ‘সম্প্রতি যেসব তথ্য ছড়িয়েছে, সে বিষয়ে আমি পরিষ্কার করতে চাই। চিকিৎসক দলের সঙ্গে আগেই পরিকল্পনা করা একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে সম্প্রতি যেতে হয়েছে । প্রক্রিয়াটি সফল হয়েছে এবং আমি ভালো আছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমার হার্ট অ্যাটাক হয়নি। আমি দ্রুত সেরে উঠছি এবং খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে পেশাগত ও ব্যক্তিগত দায়িত্বে ফিরতে মুখিয়ে আছি। আপনাদের সবার সমর্থন, খোঁজখবর ও শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাইকে আশ্বস্ত করতে চাই, উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আমাকে যারা চিকিৎসা দিয়েছেন, সেই পুরো মেডিকেল টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
৫২ বছর বয়সী কার্লোসকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক হিসেবে বিবেচনা করা হয়। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। পাশাপাশি ১৯৯৬ থেকে ২০০৭ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন চারটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ।
রিপোর্টারের নাম 

























