ভারতে খ্রিস্টানদের ওপর হামলা ও নিপীড়নের অভিযোগ তুলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্য নিয়ে একটি নিরাপদ খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শীখস ফর জাস্টিস (এসএফজে)। প্রস্তাবিত এই অঞ্চলটির নাম ‘ট্রাম্প ল্যান্ড’ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ভারতে বড়দিন উদযাপনের সময় হিন্দু চরমপন্থীদের হামলার ঘটনার প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে আনা হয়। এসএফজের দাবি, দেশটিতে খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছে, যা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা তৈরি করেছে।
সংগঠনটি ইতোমধ্যে প্রস্তাবিত ‘ট্রাম্প ল্যান্ড’-এর একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও আসাম—এই ছয়টি রাজ্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এসএফজের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণ অধিকারের ভিত্তিতে এমন একটি অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব।
এক ভিডিও বার্তায় সংগঠনটির নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতের খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা বর্তমানে সাংস্কৃতিক, শারীরিক ও রাজনৈতিকভাবে গুরুতর ঝুঁকির মুখে রয়েছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান নেওয়া জরুরি।
পান্নুন দাবি করেন, এই সংকটে কার্যকরভাবে হস্তক্ষেপ করার মতো সাহস ও সক্ষমতা কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে। তাঁর অভিযোগ, বড়দিনের সময় ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা, হামলা ও নিপীড়নের ঘটনা ঘটেছে।
এসএফজে নেতার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সময়ে শুধু খ্রিস্টান নয়, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি বলেন, ভারতে বাইবেল প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, গির্জায় অগ্নিসংযোগ, খ্রিস্টান বসতিতে হামলা এবং সাধারণ মানুষকে আতঙ্কিত ও বাস্তুচ্যুত করার মতো ঘটনা ঘটছে।
এসএফজের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে উপাসনালয়ে সহিংসতা, গির্জা ভাঙচুর এবং বড়দিনের প্রার্থনায় বাধা দেওয়ার ঘটনাও রয়েছে।
পান্নুন আরএসএস প্রধান মোহন ভাগবতের সেই বক্তব্যের কথাও উল্লেখ করেন, যেখানে ভারতকে একটি ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে ঘোষণার কথা বলা হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শীখস ফর জাস্টিস দীর্ঘদিন ধরে ভারতে পৃথক শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে গণভোটসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
রিপোর্টারের নাম 























