ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এই মনোনয়নপত্র গ্রহণ করেন সম্ভাব্য প্রার্থীরা।
রবিবার (২৮ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ৩১ জন।
জানা যায়, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৮৩ জন আর জমা দিয়েছেন ৩ জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ২৬৯ জন আর জমা কেউ দেয়নি। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র নিয়েছেন ৩০২ জন আর জমা দিয়েছেন ১ জন। বরিশাল অঞ্চলে ১৬১ জন, জমা ৭ জনের। ফরিদপুর অঞ্চলে ১৪১ জন আর জমা ৮ জনের। ঢাকা অঞ্চলে ৫০৯ জন আর জমা দিয়েছেন ২ জন।
এছাড়াও ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন আর জমা দিয়েছেন ৭, ০, ১ ও ২ জন।
এদিকে সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
রিপোর্টারের নাম 

























