দেশের ইস্পাত খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ৬৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় বিএসইসি-এর গাইডলাইন অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। শেয়ারহোল্ডাররা তাদের নিজ নিজ বিও আইডি ব্যবহার করে ওয়েব লিংকের মাধ্যমে সভায় যুক্ত হন এবং কোম্পানির প্রস্তাবিত ৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তিনি বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসায় এর প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালক পুনঃনিয়োগ এবং নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং উৎপাদন ও ব্যাবসায়িক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জন তুলে ধরেন।
ভার্চ্যুয়াল সভার উন্মুক্ত অধিবেশনে শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং কোম্পানি সচিব সেগুলোর উত্তর দেন। এ সময় শেয়ারহোল্ডাররা কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা ও পরিচালকবৃন্দের ওপর তাদের গভীর আস্থা ও বিশ্বাস পুনর্ব্যক্ত করেন।
সভায় কোম্পানির পরিচালকবৃন্দ, কোম্পানি সচিবসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























