ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের একজন রিজার্ভ কর্মকর্তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস এবং গোপন নথি সাংবাদিকদের কাছে পাঠানোর অভিযোগে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে ‘দ্য জেরুজালেম পোস্ট’ এই সংবাদ প্রকাশ করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা শিন বেতের একটি ইউনিটের ডেপুটি প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযুক্ত কর্মকর্তা সাংবাদিক আমিত সেগাল ও শিরিত আভিতান-কোহেন, পাশাপাশি সংসদ সদস্য আমিখাই চিকলির কাছে গোপন তথ্য পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ গঠনের আগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে।
তবে ঘটনার পর এমপি আমিখাই চিকলি অভিযুক্ত কর্মকর্তাকে ‘হুইসলব্লোয়ার’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
চিকলির দল লিকুদ পার্টিও ওই কর্মকর্তার পক্ষ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, রোনেন বার-এর নেতৃত্বে শিন বেত একটি রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। তাই ওই কর্মকর্তা তথ্য প্রকাশ করেছিলেন। এরপর তাকে গ্রেপ্তার করে সংস্থার বেসমেন্টে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি কোনো মন্তব্য না করলেও লিকুদ পার্টির দেওয়া বিবৃতির রিটুইট করেছেন।
অভিযুক্ত কর্মকর্তার পক্ষে আইনজীবী ওরি কোরব, সিভান রুসো ও নোই কাটজ এক বিবৃতিতে জানান, “আমাদের ক্লায়েন্ট জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। কিন্তু তিনি এমন কোনো গোপন নথি দেননি যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”
রিপোর্টারের নাম 























