জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবারও প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল।
গত ১১ অক্টোবর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আইন অনুযায়ী, প্রথমে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে, এরপর করবেন স্টেট ডিফেন্স আইনজীবীরা। এটিই ট্রাইব্যুনালে একটি মামলার সর্বশেষ ধাপ। যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর দুই আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন।
জেরার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম প্রমুখ।
মামলার তদন্তের বিষয়ে জানা যায়, এর প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপ-পরিচালক মো. জানে আলম খান। পরে তদন্ত করেন উপ-পরিচালক মো. আলমগীর। বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা সার্বিক সহযোগিতা করেছিলেন। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর গত ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৩১ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয় এবং ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।
রিপোর্টারের নাম 
























