মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মানতে ব্যর্থ হয়, তবে ইসরায়েলকে গাজায় নতুন করে সামরিক অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। হামাস যদি নিরস্ত্র হতে অস্বীকার করে, তবে কী ব্যবস্থা নেওয়া হবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে। ইসরায়েল যদি চায়, তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে। আমি-ই ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে জীবিত ২০ জন ইসরায়েলি বন্দির মুক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে হামাসকে অবশ্যই চুক্তি অনুযায়ী নিহত অন্যদের মরদেহ ফেরত দিতে হবে এবং তাদের অস্ত্র জমা দিতে হবে।
অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তি মেনে সব জীবিত বন্দিকে হস্তান্তর করেছে এবং যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, সেগুলোও দিয়েছে। হামাস আরও জানায়, বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টার প্রয়োজন এবং তারা ‘এই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে’।
এর আগে, গাজা চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর গত মঙ্গলবার ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, “২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং যতটা আশা করা যায় ততটা ভালো বোধ করছেন তারা। একটি বড় বোঝা উঠে গেছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে।”
রিপোর্টারের নাম 






















