অবলোকন নাট্যদলের প্রযোজনায় মঞ্চে উঠছে নতুন নাটক ‘গন্ধসূত্র’। নাটকটি রচনা করেছেন অপু শহীদ, নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন।
১৮ ও ১৯ ডিসেম্বর পরপর ২টি প্রদর্শনীর মাধ্যমে যাত্রা হবে নাটকটির। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রোজ সন্ধ্যা ৭টায় শুরু হবে মঞ্চায়ন। টিকিটও মিলবে একাডেমি কাউন্টারে।
নাট্যকার অপু শহীদের ভাষ্যে, ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা নাটক লেখা ভাবনায় ছিল। সেক্ষেত্রে বলা যায় সমকালের বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত এক দগদগে নাটক এটি। চোখ বা কান দিয়ে না হলে, গন্ধ শুঁকে হলেও দর্শক ঠিকই চিনে নিবে সময়কে। সময়টা সারা পৃথিবীতেই এখন এমন যে, এই শোষণভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তিকে কোনও না কোনও পক্ষের বলে দাগিয়ে দেয়া হয়। সেই বক্তব্যই উঠে আসবে এই প্রযোজনায়।’
নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘‘দেখতে দেখতে অনেকগুলো নাটকের নির্দেশনা দেয়া হলো আমার। ‘গন্ধসূত্র’ নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়ে ভিতরে কেমন একটা ধাক্কা লাগলো। এই নাটক মঞ্চে আনতে হবে। শুরু হলো মঞ্চ যাত্রা। সময়টাকে ধরতে চাচ্ছিলাম। এই নাটকের সময়টা শুধু আমাদের রাষ্ট্রের নয় বর্তমান বিশ্বের যেখানেই গণতন্ত্র ধ্বসে পড়ছে সেখানকার বাস্তবতা। পশ্চিমা বিশ্বের থিয়েটারের ভায়োলেন্স, সেক্স বা শারীরিক সম্পর্কিত শব্দ ও বাক্যের ব্যবহার আমাদের ভদ্র-সুশীল দর্শকের মুখোমুখি কতটা উচ্চারণ করা যায় দ্বিধায় ছিলাম। নাট্যকারের সাথে পরামর্শ করে নিয়ে কিছুটা পরিশীলিত করে নিতে হলো। বাকিটা কথা হবে প্রদর্শনী শেষে। সবাই আমন্ত্রণ।’’
‘গন্ধসূত্র’তে অভিনয় করেছেন নাসরিন অনু, সরওয়ার জাহান উপল, তৌফিকুল ইসলাম ইমন ও ডায়না।
রিপোর্টারের নাম 

























