২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। এর মধ্যে সিংহভাগই আটক হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে। ভারতের লোকসভায় উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী, গত দশ বছরে এই সীমান্ত দিয়ে ২১ হাজারেরও বেশি মানুষ আটক হয়েছে।
তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই পরিসংখ্যান তুলে ধরেন।
সীমান্তভিত্তিক আটকের চিত্র
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সীমান্তে ২০ হাজার ৮০৬ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আরও ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে। মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীর বিস্তারিত পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
- ভারত-বাংলাদেশ সীমান্ত: ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই সীমান্তে সর্বোচ্চ ১৮,৮৫১ জন আটক হয়েছে। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত আরও ২,৫৫৬ জন ধরা পড়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১,৪০৭ জন।
- ভারত-মিয়ানমার সীমান্ত: এই সীমান্তে মোট ১,১৬৫ জন এবং চলতি বছর ৪৩৭ জনসহ মোট ১,৬০২ জন আটক হয়েছে।
- ভারত-পাকিস্তান সীমান্ত: পাকিস্তান সীমান্তে মোট ৬০৫ জন (২০২৪ পর্যন্ত ৫৫৬ এবং ২০২৫ সালে ৪৯) অনুপ্রবেশকারী ধরা পড়েছে।
- ভারত-নেপাল-ভুটান সীমান্ত: এই সীমান্তগুলোতে মোট ৩১২ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে।
চীন সীমান্তে ভিন্ন চিত্র
সরকারি তথ্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ২০১৪ সাল থেকে গত ১০ বছরে ভারত-চীন সীমান্তে কোনো অনুপ্রবেশকারী আটকের নজির নেই। ২০২৫ সালের নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ীও সেখানে আটকের সংখ্যা শূন্য। ভারতের পশ্চিম এবং পূর্ব সীমান্তে নিয়মিত অনুপ্রবেশের ঘটনা ঘটলেও উত্তর সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিকে সরকারি তথ্যে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন এবং বিএসএফের ‘অপস অ্যালার্ট’ মহড়ার খবরের মধ্যেই এই বড় অংকের আটকের পরিসংখ্যান সামনে এলো।
রিপোর্টারের নাম 



















