ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইপসোসের এক যৌথ জনমত জরিপে এই আশঙ্কার চিত্র ফুটে উঠেছে। জরিপের তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে প্রায় ৮ জনই মনে করছেন যে, ইরানের মাটিতে মার্কিন সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে।
জরিপে দেখা গেছে, প্রায় ৭৯ শতাংশ উত্তরদাতা এই দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন, যা গত মার্চ মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি। সে সময় ৬৫ শতাংশ নাগরিক এমন ধারণা পোষণ করেছিলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই আশঙ্কার হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে ইপসোস তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।
যুদ্ধ নিয়ে সাধারণ মার্কিনিদের মনোভাব বিশ্লেষণ করে দেখা গেছে, দেশটির অধিকাংশ মানুষ এই সংঘাতের বিপক্ষে। জরিপে অংশগ্রহণকারী ৫৮ শতাংশ নাগরিক যুদ্ধের বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ৩৭ শতাংশ মানুষ মার্কিন বিমান ও সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ইরানে সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য কতটা অর্থবহ হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হলে ৫১ শতাংশ উত্তরদাতা একে নিরর্থক বলে মন্তব্য করেছেন। সামগ্রিকভাবে এই জরিপটি ইরানের সঙ্গে চলমান দ্বন্দ্বে মার্কিন জনগণের অসন্তোষ ও অনিশ্চয়তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
রিপোর্টারের নাম 























