ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অবিলম্বে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি স্পষ্ট করে বলেন, যদি তারা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করে, তাহলে তাদের ওপর বল প্রয়োগ করা হবে। খবরটি জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যদি তারা (হামাস) অস্ত্র সমর্পণ না করে, আমরা তাদের নিরস্ত্র হতে বাধ্য করব এবং এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে ঘটবে।”
ট্রাম্প আশা প্রকাশ করেন যে হামাস একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই অস্ত্র সমর্পণ করবে। তিনি আরও মন্তব্য করেন যে, গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়াটি বিপজ্জনক এবং কঠিন হবে।
এর আগে এই সপ্তাহের শুরুতে, ট্রাম্প স্বীকার করেছিলেন যে স্বল্পমেয়াদে গাজায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হামাসের একটি ‘সীমিত ভূমিকা’ থাকবে।
ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা ছেড়ে যেতে বাধ্য করার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এদিকে, গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নিজ সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে এই কথা জানান।
ট্রাম্পের দেওয়া শান্তি পরিকল্পনার এই দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং সবশেষে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















