প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালের গৌরনদীতে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি বিয়ে করেছেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে। ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে বিয়ের এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী। মাহির পরিবার জানিয়েছে, গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ফাইজান এবং পরদিন বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিক ও মৌলভীর উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মাহি আক্তার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দূরত্বের বাধা পেরিয়ে ফাইজান বাংলাদেশে এসে স্থায়ীভাবে থেকে যেতে চান। ফাইজান শাহ জানান, তার পরিবার তাদের এই সম্পর্ক স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে এবং ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে তিনি স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই বাকি জীবন কাটাতে চান।
মাহির মা শামীমা আক্তার জানিয়েছেন, মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি এই বিয়ে মেনে নিতে বাধ্য হয়েছেন। এদিকে স্থানীয় এক বিএনপি নেতা ও এলাকাবাসী জানান, বর্তমান পরিস্থিতিতে একজন বিদেশি নাগরিকের এভাবে হুট করে এসে বিয়ে করে থেকে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

























