উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে প্রতিবছর অন্যান্য এলাকার তুলনায় কিছুটা আগেই শীতের আগমন ঘটে। বিশেষ করে হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় এখানে শীতের তীব্রতা সবসময়ই একটু বেশি থাকে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে, যা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় ক্রমেই বাড়ছে শীতের আমেজ। সন্ধ্যা নামার পর থেকেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যেতে শুরু করে। সকাল পর্যন্ত কুয়াশার চাদর বজায় থাকায় দৃষ্টিসীমা কমে আসে, ফলে যানবাহনগুলোকে বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় যানবাহন চালকরা জানান, রাত থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়, তবে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে সড়ক পরিষ্কার দেখা যায় না। দুর্ঘটনা এড়াতে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসে শীতের অনুভূতি তীব্রতর হচ্ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সকালে দেরিতে সূর্যের দেখা পাওয়ায় বিপাকে পড়ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। সময়মতো কাজে যোগ দিতে না পারায় তাদের দৈনন্দিন আয়-রোজগারেও কিছুটা ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েক দিন ধরে নিয়মিতভাবেই দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

























