বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন (৫০)। তিনি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে। আহত খলিল সরদারকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত ও খলিল সরদার গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত খলিল সরদারকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
ওসি তাজলিমুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























