চাঁপাইনবাবগঞ্জে বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে জেলা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হলেও সম্প্রতি মালিক সমিতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করে। এই বাড়তি চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করে বাস মালিকরা সেবা বন্ধ রেখেছেন। ফলে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না।
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া জানিয়েছেন, চাঁদা আদায় নিয়ে মতবিরোধের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীরা দ্রুত এই সমস্যার সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
























