জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। সিনেমাটির আর মাত্র একটি দৃশ্যের শুটিং বাকি ছিল। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত সেই দৃশ্যটি আর করা হয়নি তাঁর।
অভিনয়ের বাইরেও সিনেমা নিয়ে আলাদা স্বপ্ন ছিল অভিনেতা সোহেল খানের। শুধু পর্দায় অভিনয় নয়, সিনেমার বিকাশে নিজের মতো করে অবদান রাখতে চেয়েছিলেন তিনি। এ জন্য সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই গুণী অভিনেতা।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ের পর এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন সোহেল খান। তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিয়মিত সিনেমা দেখতে পারবেন এবং সংস্কৃতির চর্চা হবে।
অভিনেতার সেই স্বপ্নের কথা এখন নতুন করে মনে পড়ছে সহকর্মীদের। সিনেমার প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন উদ্যোগের কথা ভেবেছিলেন তিনি। তবে জীবদ্দশায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারলেন না।

























