কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকায় প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মদনা টিয়ার আগমন ঘটেছে। ধান কাটার মৌসুমে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে আসা এই অতিথি পাখিদের কলকাকলিতে গত ১১ দিন ধরে মুখর ছিল পুরো এলাকা। যদিও গত দুই দিন ধরে ঝাঁকগুলো বিট অফিসের আশপাশে দেখা যাচ্ছে না।
বন বিভাগ সূত্রে জানা যায়, পাকা ধান ও ফসলের মাঠের পোকামাকড় এদের প্রধান খাবার। জালিয়াপালং বিট কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান জানান, পাখিগুলো সাধারণত কয়েক দিন অবস্থান করে আবার স্থান পরিবর্তন করে, তবে তারা স্থায়ীভাবে এলাকা ছেড়ে যায় না।
পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ কঠোর নজরদারি চালাচ্ছে। ইনানী রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. বাচ্চু মিয়া বলেন, বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। কোনো ধরনের শিকার বা ফাঁদ পাতা রোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















