পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ নিয়ে দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। মুক্তির আনুষ্ঠানিক তারিখ প্রকাশের পর এবার প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রধান পাঁচটি চরিত্রের ফার্স্ট লুক পোস্টার। এসব পোস্টারের মাধ্যমে ফাওয়াদ খান, হানিয়া আমির ও ইকরা আজিজের মতো তারকাদের চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছেন ভক্তরা।
প্রকাশিত আলাদা পোস্টারগুলোতে কুলসুম চরিত্রে হানিয়া আমির, লিসা চরিত্রে ইকরা আজিজ, সিকান্দার চরিত্রে আহাদ রাজা মীর, ভিক্টোরিয়া চরিত্রে সানাম সাঈদ এবং শাহরিয়ার চরিত্রে ফাওয়াদ খানকে ভিন্ন ভিন্ন লুকে উপস্থাপন করা হয়েছে।
নির্মাতারা এসব পোস্টারের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ও রোমান্টিক আবহের মাধ্যমে সিরিজটির মূল গল্পের আমেজ ফুটিয়ে তুলেছেন। অভিনয়শিল্পীদের লুক ও সাজসজ্জাও দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এ ছাড়া এ তারকাবহুল সিরিজে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাহিরা খান, হামজা আলী আব্বাসি, মায়া আলী ও বিলাল আশরাফের মতো খ্যাতিমান তারকাদের। নির্মাণ শুরুর পর থেকেই বড় তারকাদের সমাবেশের কারণে সিরিজটি সংবাদের শিরোনামে রয়েছে।
আগামী ৪ ডিসেম্বর বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিরিজটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাকিস্তানি বিনোদন জগতের শীর্ষ তারকাদের একফ্রেমে আনার এই উদ্যোগ দেশটির বিনোদনশিল্পের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

























