বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানো এবং এ দেশে বিনিয়োগ সম্প্রসারণের জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।
সকালে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে শুভেচ্ছা জানান।
সাক্ষাতে রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে সফরের ব্যাপারে সম্মতি প্রকাশ করেন।
বাংলাদেশ থেকে পণ্য রফতানিতে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামের সক্রিয় উদ্যোগ প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। তিনি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং পাট ও পাটজাত পণ্য আমদানির তাগিদ দিয়ে বলেন, বাংলাদেশি এসব পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন ও সাশ্রয়ী।
চলতি বছরের মার্চ থেকে আলু আমদানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে ভিয়েতনামি বিনিয়োগের আহ্বান জানান এবং বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার ও আরসিইপি জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ভিয়েতনামের সমর্থন কামনা করেন তিনি।





















