বিএনপি সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করে, আর পলাতক ফ্যাসিস্ট শক্তি মরদেহের রাজনীতিতে লিপ্ত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরে এসে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড বিতরণ করবেন। এটি কুষ্টিয়াবাসীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। একই সফরে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচিরও শুভ উদ্বোধন করবেন।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
ডা. জাহিদ হোসেন বলেন, হাসপাতাল, মসজিদ কিংবা মন্দিরে অগ্নিসংযোগের মতো নাশকতা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় না। পুরোনো ফ্যাসিবাদী চক্র আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে, তবে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।
এর আগে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে খাল খনন প্রকল্প এলাকা পরিদর্শনে কুষ্টিয়া পৌঁছান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরিদর্শনকালে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























