তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করার ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে যথাযথ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে আনার স্বপ্ন দেখছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশের আইন সবার জন্য সমান এবং তা কার্যকর করা হবে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮০০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

























