প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর করবেন। দেশব্যাপী সরকারের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে ওই দিন খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সম্ভাব্য উদ্বোধনী স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় পৌঁছে প্রতিমন্ত্রী বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ প্রকল্প বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হবে। এর ফলে এক লাখ মণ অতিরিক্ত ধান এবং প্রায় ১০ লাখ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হবে, যা প্রায় ৪০ লাখ মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
এছাড়া সদর উপজেলার প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ ‘মরা গড়াই খাল’ পুনঃখননের সম্ভাব্যতা যাচাই করেন প্রতিমন্ত্রী। প্রায় ১০ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে খালটি খনন করা হলে এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষিকাজে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানানো হয়।
পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ঈয়াসমিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























