লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ডলতলী বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম ইমন। তিনি কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত ব্যাংকটির মূল ফটকে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক আগুন দিচ্ছে এবং অপরজন পাশ থেকে মুঠোফোনে সেটির ভিডিও ধারণ করছে। আগুন দেওয়ার পরপরই তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ইমনকে ধরে ফেলেন, তবে বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দিয়ে আটক যুবককে সোপর্দ করেন।
গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান জানান, সোমবার রাতে ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। এর আগেও গত বুধবার রাতে শাখাটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
























