আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে মুক্তি পেতে যে দীর্ঘ ১২টি ধাপ পেরোতে হয় এবং প্রতিটি ধাপে যে হয়রানির শিকার হতে হয়, তা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এই হয়রানি কমাতে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা (Bail Bond) পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এই নতুন ব্যবস্থার ফলে জামিন পাওয়ার পর আসামির জামিননামা এক ক্লিকেই সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
নিজের বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার একদম নিজেদের উদ্যোগে করেছি, কারও কোনও সহযোগিতা ছাড়া। আগামীকাল আমরা অনলাইন জামিননামা উদ্বোধন করব। একজন ব্যক্তি জামিন পাওয়ার পর আদালত থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়াতে যেতে হয়। এর কোনো কোনো ধাপে টাকা খরচ করতে হয়, আর এই ১২টি ধাপেই তাকে হয়রানির সম্মুখীন হতে হয়।”
তিনি আরও বলেন, “আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটি ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি জেলখানায় পৌঁছে যাবে, যেখানে আসামি আছে। এটা সরকারের নিজের টাকা দিয়ে করা হয়েছে। কারও সহযোগিতা লাগেনি।”
আইন উপদেষ্টা আরও জানান, “আমাদের সরকারের অনেক টাকা। বিশ্বাস করেন, অনেক টাকা। আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা আছে, আমাদের আইজিআর অফিসে (রেজিস্টার অফিস) ১৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।”
রিপোর্টারের নাম 























