বাড়িভাড়া বাড়ানোর দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করার কথা ছিল। তবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে তিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে মোবাইলে কল করে এই অনুরোধ জানান। এরপর কর্মসূচিস্থলে উপস্থিত শিক্ষকদের মাইকে হাসনাত আব্দুল্লাহর এই বার্তাটি ঘোষণা করেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
শিক্ষক নেতা অজিজী বলেন, “এনসিপির যে নেতা সবসময় আমাদের পাশে থেকেছেন, সেই হাসনাত আব্দুল্লাহ এইমাত্র আমাকে ফোন করেছিলেন।” তিনি জানান, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি জরুরি বৈঠক চলছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি আপাতত স্থগিত রাখার অনুরোধ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এই আহ্বানের পরিপ্রেক্ষিতে, শিক্ষকেরাও সিদ্ধান্ত নিয়েছেন যে মন্ত্রণালয়ের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।
রিপোর্টারের নাম 
























