উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ দশমিক ৭১ টাকা থেকে বাড়িয়ে ১৮৯ দশমিক ০৩ টাকা করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ১ ডলার ১৮ সেন্ট থেকে কিছুটা কমিয়ে ১ ডলার ১৬ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার নতুন দর নির্ধারণের আদেশ প্রকাশ করে বিইআরসি। আদেশে বলা হয়, ঘোষিত নতুন এই দর ওই দিন রাত ১২টার পর থেকেই কার্যকর হবে।
উল্লেখ্য, টানা চার মাস ধরে বেড়েই চলেছে জেট ফুয়েলের দাম। গত জুলাইয়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ছিল ১৩০ দশমিক ৯৯ টাকা, যা সেপ্টেম্বরে বাড়িয়ে ১৬৫ দশমিক ৬৫ টাকা এবং অক্টোবরে ১৮২ দশমিক ৭১ টাকায় নির্ধারণ করা হয়।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো প্রতি মাসে জেট ফুয়েলের দর ঘোষণার নিয়ম চালু করে বিইআরসি। সে সময় জানানো হয়, আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই নতুন দাম নির্ধারণ করা হবে।


























