দেশের বাজারে আবারও সোনার দামে বড় লাফ দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির কারণে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ২ ও ৪ নভেম্বর দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে টানা তিন দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ল ১২ হাজার ৭২ টাকা।
নতুন বাজুস সমন্বিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সোনার দাম সমন্বয় করা হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

























