তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিতে আগামী ৯ নভেম্বর বৈঠক আহ্বান করেছে নিম্নতম মজুরি বোর্ড। এটি হতে যাচ্ছে বোর্ডের দ্বিতীয় সভা।
উক্ত বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধিরা নিজেদের দাবিনামা বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেবেন। একই সঙ্গে পোশাক খাতের বিভিন্ন গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত সুপারিশ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী তৈরি পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সুপারিশমালা তৈরির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে।


























