জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী অভিযোগ করেন, কোটাবিরোধী আন্দোলনে আরিফ হত্যার ঘটনায় ইকবাল সোবহান চৌধুরী এজাহারভুক্ত ৫৩ নম্বর আসামি। ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে এবং ভিন্নমতাবলম্বীদের দমনে তার সক্রিয় ভূমিকা ছিল।
আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন না করে তার শারীরিক অবস্থা বিবেচনায় ডিভিশন সুবিধা ও সুচিকিৎসার আবেদন জানান। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। একই ঘটনায় আটক ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।























