পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অসন্তোষ নিরসনে চট্টগ্রামের সিইপিজেডে উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেপজা কার্যালয়ে আয়োজিত এই সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেপজা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সব পক্ষকে সমন্বিত ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সিইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহদাত, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ বোরহান, ডিজিএফআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, সিএমপির বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম এবং পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শহীদ ইশরাক।


























