ঢাকাই চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও জনপ্রিয় চিত্রনায়ক মান্না পৃথিবী ছেড়ে চলে গেছেন বহু বছর আগে। তবে সহকর্মী, ঘনিষ্ঠজন ও অগণিত ভক্তের হৃদয়ে তিনি আজও অমলিন। রূপালী পর্দার দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের অমায়িক ব্যবহার দিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার সেই প্রিয় সহকর্মীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রয়াত নায়ক মান্নার একটি ছবি প্রকাশ করে আবেগাপ্লুত এক বার্তা দিয়েছেন ওমর সানী। মান্নার সঙ্গে কাটানো অতীত দিনের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘মান্না ভাই, কত হাজার স্মৃতি ফেলে দিলে আমি আপনাকে ভুলতে পারব? থেকে যাবেন মান্না ভাই। আপনি আমার স্মৃতির মধ্যে আছেন, আপনার ওখানে আমার আসা পর্যন্ত থাকবেন। আমিন।’
ওমর সানীর এই সংক্ষিপ্ত অথচ গভীর বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে মান্নার প্রতি তাঁর আত্মিক টান ও শ্রদ্ধা। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও সহকর্মীর স্মৃতি যে এখনও তাঁর মনে কতটা সতেজ, পোস্টটি তারই প্রমাণ দেয়।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের সোনালী সময়ে মান্না ও ওমর সানী দুজনই ছিলেন দর্শকদের অত্যন্ত প্রিয় ও সফল নায়ক। একই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে গড়ে উঠেছিল ভ্রাতৃত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মান্না।























