সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, ছবি: জাগো নিউজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষমতা হ্রাস পাবে। তিনি মন্তব্য করেন, এই প্রক্রিয়ায় জনগণ নয়, বরং রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে কে প্রতিনিধি হবেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা দ্রুত নির্বাচন চান, তাদের কাছে হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি উত্থাপন এবং এর জন্য আন্দোলন করাটা পরিষ্কার নয়। তার মতে, এই বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত, যেখানে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা ঠিক করা হবে। তিনি আরও বলেন, এখন যদি পিআর পদ্ধতি চালু করা হয়, তবে জনগণ এর সম্পর্কে কিছুই বুঝতে পারবে না।
বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দেন, তার দল ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি, চার কোটি বেকারের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বিশ্বাস করেন, দেড় বছরের মধ্যেই এই সংকট সমাধান করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যদিও তা বাধাগ্রস্ত করার নানা অপচেষ্টা পরিলক্ষিত হয়।
সংসদীয় পদ্ধতি নিয়ে ফখরুল বলেন, বিএনপি উচ্চকক্ষের যে প্রস্তাব দিয়েছে, তা এক নতুন অভিজ্ঞতা দিতে পারে। তবে নিম্নকক্ষের ধারণাটি বাস্তবসম্মত নয়।
বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও সভায় সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা সভাটি সঞ্চালনা করেন।
এছাড়া সভায় কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কোর দি জুট ওয়াকস্-এর পরিচালক রীতা রোজলিন কস্তা, দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর চেয়ারম্যান প্রতাপ আগস্টিন গমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, বিএনপি ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জন গমেজ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সুশীল বড়ুয়া, দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঢাকা)-এর প্রেসিডেন্ট মাইকেল গমেজ, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি মৃগেন হাগিদক, মন্টু পিটার রোজারিও, ফনিন্দ্রনাথ কর্মকার ও জ্যাকশন পিউরিফিকেশন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক পাস্টর আনোয়ার হোসেন, ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট বাবলু ডেভিড গমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক চন্দন জাকারিয়াস গমেজ, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের যুগ্ম সম্পাদক লুইস গমেজ ও শীতল রিবেরু, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক মিসেস জজলিন গমেজ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি এভারিস রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের ভাইস চেয়ারম্যান স্বপন হালদার, দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লিমিটেড-এর সেক্রেটারি পেপিলন পিউরিফিকেশন, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের যুগ্ম সম্পাদক প্রশান্ত পিউরিফিকেশন, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ক্রীড়া সম্পাদক এরিক ডি’ কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পলাশ পিরিচ, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মিসেস আইভি সিং, সাংস্কৃতিক সম্পাদক স্টিভ যোসেফ কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি এলবাট রিপন বল্লভ, বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের সভাপতি মিলন আই গমেজ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি বার্নাড পলাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























