আজ রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ চূড়ান্ত করতে যাচ্ছে। এই তফসিল চূড়ান্ত করার পর আগামী ১০ ডিসেম্বর (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে এই বিষয়গুলো অবহিত করবে। এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দশম কমিশন সভা শুরু হবে। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় ভোট গ্রহণের দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে কি না বা বুথ ও গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের কমিশন সভার আগে গতকাল শনিবার কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন ইসি সচিব।
রেওয়াজ অনুযায়ী, সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে সিইসি তফসিল ঘোষণা করে থাকেন। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের দিন বুধবারও তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণ করা হবে বলে তথ্য রয়েছে।
রিপোর্টারের নাম 






















