অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে অবশেষে কাঙ্ক্ষিত প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন জো রুট। দিবা-রাত্রির টেস্টে মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ে ছয় উইকেট শিকার করা সত্ত্বেও ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৩০০ পেরিয়ে গেছে ইংল্যান্ড। দিন শেষে তাদের স্কোর প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান। ২০২ বল খেলে ১৩৫ রানে অপরাজিত আছেন রুট।
টস জিতে ব্যাটিং নেওয়া অধিনায়ক বেন স্টোকসের সিদ্ধান্তকে যথার্থই বলা যায়। রুটের সঙ্গে অপরাজিত আছেন জোফরা আর্চার। ৩২ রানের ইনিংস খেলেছেন তিনি। দুজনে অবিচ্ছিন্ন আছেন ৬১ রানে। শেষ উইকেটের এই জুটিই ইংল্যান্ডকে ভরসা দিচ্ছে।
পার্থে পরপর দুই ম্যাচে ‘ডাক’ মারার পর জ্যাক ক্রলি এদিন শুরুতে খেলেছেন ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
স্টার্ক শুরুর ধাক্কায় মাত্র পাঁচ রানে দুই উইকেট ফেলে দিলে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। তার পর ক্রলি-রুটের ১১৭ রানের দারুণ পার্টনারশিপ ইংল্যান্ডকে উদ্ধার করেছে।
রুট-ক্রলি দাপটে ইংল্যান্ড চায়ের বিরতিতে পৌঁছায় ২ উইকেটে ৯৮ রানে। গোধূলী বেলার সেশনে আরও ৯৮ যোগ করে ডিনারে পৌঁছায় ৪ উইকেটে ১৯৬ রানে।।
তার পর বড় সংগ্রহের সব আয়োজন শেষ করে দেন স্টার্ক। হ্যারি ব্রুককে (৩১) স্লিপে ক্যাচ করিয়ে যখন তৃতীয় উইকেট নেন, তখনই ছাড়িয়ে যান ওয়াসিম আকরামকে। ৪১৫ টেস্ট উইকেট নিয়ে ইতিহাসের সেরা বাঁহাতি পেসারদের শীর্ষে এখন স্টার্ক।
পরে আবারও লোয়ার অর্ডারে আঘাত হানলে দিন শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৭১ রানে ৬ উইকেট।
পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
রিপোর্টারের নাম 














