‘প্রতিবন্ধী ব্যক্তিদের সবক্ষেত্রে অন্তর্ভুক্তি ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয়। তাই আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবন্ধীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করছে।’ বুধবার (৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপি নেতারা। সভায় বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের প্রতিনিধি এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
এ বছর প্রতিবন্ধী ব্যক্তি দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।
বাংলাদেশে এই প্রথম কোনও মূলধারার রাজনৈতিক দল প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এ ধরনের আয়োজন করছে উল্লেখ করে এনসিপি নেতারা বলেন, ‘এনসিপি বিভিন্ন কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিসহ আলাদা প্রতিবন্ধী সহযোগী সংগঠন তৈরি করতে সহায়তা করেছে। আগামী নির্বাচনেও যোগ্যতা থাকলে প্রতিবন্ধী ব্যক্তিকে প্রার্থী করার চিন্তাভাবনা করছে।’
এ আয়োজনে এনসিপির পক্ষ থেকে বক্তব্য দেন– মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ।
প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন– সালমা মাহবুব, ইফতেখার মাহমুদ, আলী হোসেন, রানা, লাকি এবং অন্যরা।
প্রতিবন্ধী বক্তারা এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য এনসিপিকে ধন্যবাদ জানান। তারা প্রত্যাশা করেন, আগামী বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সামগ্রিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবেন। তারা এই প্রচেষ্টায় এনসিপির সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 

























