সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়াও রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান, তার ভাই হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম এবং জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, এই মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০০৯ সালের ৩০ আগস্ট রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছিলেন। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
রিপোর্টারের নাম 






















