রাজধানীর সিদ্দিক বাজারে এক দশক আগে সংঘটিত মুদি দোকানি আব্দুল কুদ্দুস হত্যা মামলায় মাসুম মিয়া ওরফে কালু নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এই রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত মাসুমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ইউনুস মিয়াকে খালাস প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডিত মাসুমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোরে কামরাঙ্গীরচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস নোয়াখালীর গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রিকশায় করে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় দুই ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরিকাঘাত করে এবং মালামাল লুটে নেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























